আবহাওয়া
ছবি: সংগৃহীত

৮ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বুধবার বিকেল থেকে রাতের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে মানিকগঞ্জ, নীলফামারী, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন