অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বুধবার (১৭ জুন) জারি করা এক সার্কুলারে কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা আবারও স্মরণ করিয়ে দিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের মানবসম্পদ নীতিমালার অধ্যায়-৬ এ থাকা 'সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতি' অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে, যা আসলে আগের একটি নির্দেশনার পুনরাবৃত্তি। নিয়ম অনুসারে, কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্डে অংশ নিতে পারবেন না এবং দেশে বা বিদেশে কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা নেই।

সার্কুলারে আরও স্পষ্ট করা হয়েছে, দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ বা এমন কোনো পক্ষপাতমূলক কাজ করা যাবে না যা পেশাগত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। স্বজনপ্রীতি, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি রক্ষার স্বার্থে কয়েকটি বাস্তবিক নিয়মও যুক্ত করা হয়েছে এই নির্দেশনায়। যেমন প্রকাশ্যে রাজনৈতিক মতামত না দেওয়া, রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত না হওয়া এবং অফিস চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থলের বাইরে না যাওয়া। বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে সময় ও কারণ লিখে স্বাক্ষর করতে হবে।

নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সব শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টি দ্রুত সবাইকে জানাতে এবং কোনো ব্যত্যয় ঘটলে তা মানবসম্পদ বিভাগকে অবহিত করতে।

মতামত দিন