অপরাধ
ছবি: সংগৃহীত

স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল ২০ লাখ টাকার চিংড়ির রেনু।

নিজেস্ব প্রতিবেদক:

ট্রাকটা থামিয়ে দিল সাধারণ মানুষই। পটুয়াখালীর দুমকিতে বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতা একটি সন্দেহজনক ট্রাক আটকে দেয়।

ভেতরে মিলল চিংড়ির রেনুভর্তি ৪৩টি ড্রাম।

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। তাঁরা পৌঁছানোর আগেই রেনু ব্যবসায়ী ও চালক সটকে পড়ে। জব্দ হওয়া রেনুর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা, যা অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউএনওর নির্দেশে জব্দ রেনুগুলো পরে পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিংড়ির রেনু অবৈধভাবে আহরণ ও পরিবহন বন্ধে ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও অভিযান চলবে।

মতামত দিন