প্রশান্ত মহাসাগরে মাদক-পাচার সন্দেহে মার্কিন হামলা, নিহত একজন।
মাদক পাচার দমনে আবারও সরাসরি সামরিক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন একটি নৌযানে মঙ্গলবার হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী, যাতে একজন নিহত এবং দুজন জীবিত উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউথকম।
কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার এই অভিযান পরিচালনা করে বলে সাউথকমের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গিয়েছিল যে নৌযানটি পরিচিত একটি মাদক পাচার রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে সরাসরি জড়িত ছিল। এরপরই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
মার্কিন বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। সাউথকমের ভাষায়, নিহত ব্যক্তি একজন 'নার্কো-সন্ত্রাসী' এবং নৌযানে থাকা বাকি দুজন পুরুষ জীবিত উদ্ধার হয়েছেন। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অভিযানে কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হননি বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।
নৌযানটি কোন দেশের, ঠিক কোথায় হামলা চালানো হয়েছে কিংবা কী অস্ত্র ব্যবহার করা হয়েছে — এসব বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
মতামত দিন