জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড, সম্মানিত ১০৪ শিক্ষার্থী।
মেধার স্বীকৃতি দেওয়ার এক নতুন রীতির সূচনা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বুধবার (১৭ জুন) প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, যেখানে বিভিন্ন অনুষদের ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে একাডেমিক কৃতিত্বের জন্য সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কলা অনুষদের ২১ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের ২৯ জন, সামাজিক বিজ্ঞানের ১৭ জন, বিজনেস স্টাডিজের ১৬ জন, বিজ্ঞানের ১৫ জন এবং আইন ও চারুকলা অনুষদের ৩ জন করে শিক্ষার্থী রয়েছেন। লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী এই গৌরবজনক স্বীকৃতি পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তরের পেছনে শিক্ষকদেরই মূল ভূমিকা। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দিয়েছেন, এখন প্রয়োজন এর কার্যকর বাস্তবায়ন। তাঁর মতে, জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও সমান জোর দিতে হবে।
বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার ইতিমধ্যে সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের কাজ শুরু করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল ও ছাত্রাবাসের পরিসর বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পরিকল্পনার কথাও জানান তিনি।

মতামত দিন