এইচএসসি পরীক্ষার আগে যে তিন নির্দেশনা মানতে হবে শিক্ষার্থীদের।
জুলাইয়ে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে ঝামেলামুক্ত করতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তিনটি ভিন্ন বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষাকালীন কোনো সমস্যা বা অভিযোগ জানাতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শিক্ষার্থী-অভিভাবকরা ০২-২২৩৩৬৯৮১৫ নম্বরে কিংবা ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করতে পারবেন। ই-মেইলের মাধ্যমেও যোগাযোগের সুযোগ রাখা হয়েছে controller@dhakaeducationboard.gov.bd ঠিকানায়।
দ্বিতীয় নির্দেশনায় ক্যালকুলেটর ও হাতঘড়ি নিয়ে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে। সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি আটটি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে — এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডাব্লিউ। কাঁটাযুক্ত নন-প্রোগ্রামেবল হাতঘড়িও ব্যবহার করা যাবে।
তৃতীয় নির্দেশনাটি কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে। যানজট ও জনদুর্ভোগ কমাতে কেন্দ্রের ভেতরে শুধু পরীক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা রাখতে কেন্দ্র কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কক্ষে প্রবেশের আগের নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মতামত দিন