জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরানোর ভিডিও ভাইরাল: যা বললেন সেতুমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার ভাষ্য, সেতুর নিরাপত্তা বা ভিত্তি দুর্বল করার মতো কোনো কাজ করা হয়নি; বরং নির্মাণকাজ শেষে পড়ে থাকা অতিরিক্ত মাটি সরানো হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, নির্মাণের সময় বিভিন্ন সহায়ক কাঠামো ও অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরির জন্য অতিরিক্ত মাটি রাখা হয়েছিল। পরে প্রয়োজন শেষ হয়ে যাওয়ায় সেই মাটির একটি অংশ অপসারণ করা হয়েছে। এটিকে পিলারের গোড়া খনন হিসেবে দেখার সুযোগ নেই।

তার মতে, দীর্ঘ সময় ধরে ওই মাটি জমে থাকায় জায়গাটি উঁচু হয়ে যায় এবং সেটিকে ব্যবহার করে অসাধু ব্যক্তিরা সেতুর বিভিন্ন স্থানে ওঠার চেষ্টা করতে পারে—এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। সেই কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাটি সরানোর উদ্যোগ নেয়। ভবিষ্যতে সেখানে গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

ফতুল্লা এলাকায় ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেতুর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে কাঠামোগত কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি।

একই ব্রিফিংয়ে রাজধানীর বাস টার্মিনাল পুনর্বিন্যাস নিয়েও কথা বলেন সেতুমন্ত্রী। তিনি জানান, যানজট কমাতে ধাপে ধাপে বিভিন্ন বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যদিও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে বাস দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না। নির্ধারিত ডিপোতে অবস্থান করে যাত্রার নির্দিষ্ট সময়ের আগে স্ট্যান্ডে এসে যাত্রী তুলবে। এতে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘমেয়াদে মহাখালী বাসস্ট্যান্ড উত্তরায় স্থানান্তর করা হবে এবং এ জন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৩০০ ফিট এলাকায় অস্থায়ীভাবে অতিরিক্ত বাস রাখার ব্যবস্থাও করা হবে।

এ ছাড়া সায়েদাবাদ বাসস্ট্যান্ডও পর্যায়ক্রমে কাঁচপুরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও সেবা নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মতামত দিন