চুক্তির শর্ত জানি না, তবু ইরান পারমাণবিক অস্ত্র পাবে না: নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কালি শুকাতে না শুকাতেই সংবাদ সম্মেলনে হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৫ জুন) তিনি স্বীকার করলেন, চুক্তির বিস্তারিত শর্ত ইসরায়েল এখনো জানে না।
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং সামরিক সক্ষমতায় ব্যাপক ক্ষতি করা হয়েছে। তাঁর ভাষায় এটি ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযানগুলোর একটি। ইরানের অর্থনীতিতে কয়েকশো বিলিয়ন থেকে সম্ভবত এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
ট্রাম্পের সঙ্গে সব বিষয়ে একমত নন — এটা স্বীকার করেও নেতানিয়াহু বললেন, ইসরায়েলের নিরাপত্তা সতর্কতার সঙ্গে রক্ষা করতে হবে। লেবানন সীমান্তে বাফার জোনে অবস্থান অব্যাহত থাকবে। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনে অভিযান চলছে এবং চলবে। প্রতিরক্ষা বাজেট ৩৫০ বিলিয়ন শেকেল বাড়ানোর পরিকল্পনাও জানালেন তিনি। আসন্ন নির্বাচনে লড়বেন এবং জিতবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করলেন।
তবে বিরোধী নেতা গাদি আইজেনকোট ভিন্নসুরে কথা বললেন। তাঁর মতে, তিন বছরের সংঘাতেও যুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি — নেতানিয়াহু সেই ব্যর্থতা আড়াল করতেই বাস্তবতা এড়িয়ে যাচ্ছেন। ইরান ভবিষ্যতেও ইসরায়েলের জন্য বড় হুমকি হয়েই থাকবে বলে সতর্ক করলেন তিনি।
সূত্র: জেরুজালেম পোস্ট

মতামত দিন