অপরাধ
ছবি: সংগৃহীত

ভুট্টাক্ষেতে মিলল ৭ বছরের নন্দিনীর বস্তাবন্দি লাশ, উত্তাল লালমনিরহাট।

নিজেস্ব প্রতিবেদক:

সোমবার দুপুরটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল ফলিমারী গ্রামে। কিন্তু সন্ধ্যা নামতে নামতে নলিনী কান্তের পরিবারে নেমে এলো আতঙ্ক — সাত বছরের মেয়ে নন্দিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

সারারাত খোঁজাখুঁজি। থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ নাকি লিখিত অভিযোগই নেয়নি, বলেছে আগে নিজেরা খুঁজে দেখতে। পরদিন মঙ্গলবার (১৬ জুন) সকালে খোঁজতে খোঁজতে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে চোখ আটকে গেল — এক জায়গার মাটি অস্বাভাবিক নরম। সন্দেহ হলো। মাটি সরাতেই বেরিয়ে এলো বস্তায় মোড়ানো ছোট্ট একটি দেহ। নন্দিনী।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার এই গ্রামে এরপর আর কেউ শান্ত থাকতে পারেনি। ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী বিধান চন্দ্রের (২৩) বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ মানুষ। কয়েকটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে ঠিকই, কিন্তু মানুষের ক্রোধ নেভেনি। বাড়িটি এখনো ঘেরাও, ভেতর থেকে কেউ বের হতে পারছেন না। পুলিশ-বিজিবি মাঠে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।

নন্দিনীর মরদেহ এখন লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে। পুলিশ বলছে তদন্ত চলছে, হত্যার কারণ খোঁজা হচ্ছে। কিন্তু একটি সাত বছরের মেয়ের বস্তাবন্দি লাশ আর তার বাবার থানায় ফিরে আসার গল্প — এই প্রশ্নগুলোর জবাব তদন্ত রিপোর্টে মিলবে কিনা, সেটাই এখন দেখার।

মতামত দিন