পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের মিছিল, চারজন আটক।
নিষিদ্ধ ঘোষিত দলের মিছিল, আর পাশেই দাঁড়িয়ে পুলিশের গাড়ি — সিলেটে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এমনই এক অস্বস্তিকর দৃশ্যের অবতারণা হলো। নগরীর নবাব রোড এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্র জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।
ব্যানারে তিনটি দাবি তোলা হয় — আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং তাদের ভাষায় 'মিথ্যা মামলা' প্রত্যাহার। 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে অংশগ্রহণকারীরা সড়ক প্রদক্ষিণ করেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি যখন এগিয়ে যাচ্ছে, ঠিক পাশের রাস্তায় তখন পুলিশের একটি গাড়ি নিশ্চুপ দাঁড়িয়ে। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দেয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, নবাব রোডে একটি ছোট মিছিলের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় যাচাই ও কার্যক্রমের প্রকৃতি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মতামত দিন