একনেকের বৈঠকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প পাস।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি কোষাগার থেকে আসবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা, বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করা হবে প্রকল্প ঋণ হিসেবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন 'সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন'। পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে — ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী এলাকায় পদ্মার ভাঙন রোধ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধিত প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।
এর বাইরে আগে অনুমোদিত ৫০ কোটি টাকার নিচের আরও চারটি প্রকল্প সম্পর্কে সভায় আনুষ্ঠানিকভাবে কমিটিকে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে কক্সবাজারে বিমানসেনা ব্যারাক নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল ও কলেজ স্থাপন, শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।

মতামত দিন