মাদককাণ্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বহিষ্কার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা হলে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে দুই ছাত্রীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আবাসিক হল থেকেও তাদের স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে।
বহিষ্কৃত দুজন হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের সানজিদা আমীর ইনিসী। এর মধ্যে তনুজা তিথির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করারও সুপারিশ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৮ এপ্রিল সন্ধ্যায়। হল প্রশাসন ১১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে। কক্ষটি তনুজা তিথির নামে বরাদ্দ ছিল এবং সেসময় সেখানে সানজিদাও উপস্থিত ছিলেন। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়, যার প্রতিবেদনে উভয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
তদন্তে উল্লেখ করা হয়, দুজনই বিশ্ববিদ্যালয়ের 'শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮' ভেঙেছেন। ওই অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাস, বিভাগ ও আবাসিক হলে যেকোনো ধরনের মাদক রাখা, সেবন করা বা বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট এই শাস্তি চূড়ান্ত করে।

মতামত দিন