শিশুমৃত্যুর দায় স্বীকার,পদ ছাড়লেন আদ-দ্বীনের নির্বাহী পরিচালক।
ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর এবার পদত্যাগের পালা। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুমৃত্যুর ঘটনায় দেশবাসীর মতো প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে মর্মাহত। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা ঢেলে সাজানো এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের কাজও শুরু হয়েছে।
অবকাঠামোগত সংস্কারেও হাত দেওয়া হয়েছে। তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে আলো-বাতাস ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। করপোরেট অফিসের ওপরে থাকা বেকারিটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন তিনি। ১৯৮৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স এবং পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি অর্জন করেন।
প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব দিতে একাধিকবার সময় বাড়ানো হলেও শেষ পর্যন্ত সেই জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মতামত দিন