আগামীকাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের মূল উদ্দেশ্য 'ফ্যামিলি কার্ড' পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায়ও যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে এখন সাজ সাজ রব। মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। সার্কিট হাউস ঝকঝকে করা হয়েছে, ফুটপাথ দখলমুক্ত করে শহরকে গোছানো হচ্ছে। সমাবেশের জন্য নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরির কাজও এগিয়ে চলছে পুরোদমে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শুধু প্রশাসন নয়, দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহের কোনো কমতি নেই। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এবং দলের পক্ষ থেকেও সব আয়োজন গুছিয়ে নেওয়া হয়েছে।
মতামত দিন