অপরাধ
ছবি: সংগৃহীত

চর নিয়ে বিরোধে মেঘনা-তিতাসে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৩০।

নিজেস্ব প্রতিবেদক:

বহু বছরের জমি বিরোধের জেরে কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চর বিনোদনপুরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র ও ইট-পাটকেলের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। সম্প্রতি এক পক্ষ জমিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে ফারুক, আনোয়ার হোসেন, রাজ্জাক, বাছির, জাহাঙ্গীর আলম, রবি মোল্লা, সাগর, সালাউদ্দিন ও শাহজাহানসহ আরও অনেকে রয়েছেন। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, বিরোধের শিকড় প্রায় তিন দশক পুরোনো। ১৯৯০ সালে জেলা প্রশাসনের মাধ্যমে মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দাদের একাংশের নামে প্রায় ১৪ দশমিক ৭৫ একর জমি লিজ দেওয়া হয়। পরে ১৯৯৯ সালে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরা এলাকার বাসিন্দাদের অনুকূলে আরও ১০ দশমিক ১৪ একর জমি বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকেই মালিকানা ও ভোগদখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

স্থানীয়দের ভাষ্য, সিএস ও এসএ রেকর্ডে জমির কিছু অংশ ব্যক্তি মালিকানার হিসেবে উল্লেখ থাকলেও বিএস রেকর্ডে সেটি সরকারি খাসজমি হিসেবে রয়েছে। এই রেকর্ডগত জটিলতাও বিরোধকে আরও জটিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় টেঁটা, হকিস্টিক, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, যার ফলে অনেকেই গুরুতর আহত হন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন