ইসলামের আলো
ছবি: সংগৃহীত

নতুন হিজরি বছরকে ঘিরে কাবা শরিফে শেষ মুহূর্তের প্রস্তুতি,আজ রাতেই বদলানো হবে পবিত্র কিসওয়া।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন হিজরি বছরের সূচনাকে সামনে রেখে পবিত্র কাবা শরিফে ঐতিহ্যবাহী কিসওয়া পরিবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে বহু শতাব্দীর পুরোনো এই আনুষ্ঠানিকতার মাধ্যমে কাবা শরিফ নতুন গিলাফে আবৃত হবে।

হিজরি ১৪৪৮ সালের প্রথম দিন উপলক্ষে ব্যবহারের জন্য তৈরি নতুন কিসওয়াটি খাঁটি প্রাকৃতিক রেশমের ওপর সোনালি ও রুপালি সুতা দিয়ে সূক্ষ্ম কারুকাজে নির্মিত হয়েছে। এতে কোরআনের আয়াত ও ইসলামি অলংকরণ বিশেষ নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, কিসওয়া তৈরির পুরো প্রক্রিয়া কয়েক মাস আগে থেকেই কিং আবদুল আজিজ কমপ্লেক্সে শুরু হয়। দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে প্রতিটি অংশ আলাদাভাবে প্রস্তুত ও পরীক্ষা করা হয়, যাতে স্থাপনের সময় কোনো ত্রুটি না থাকে।

চূড়ান্ত পর্যায়ে কিসওয়ার বিভিন্ন অংশ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মসজিদুল হারামে পৌঁছে দেওয়া হয়। স্থাপনের আগে সূচিকর্ম, সোনালি অলংকরণ এবং কোরআনের আয়াত সংবলিত অংশগুলোও বিশেষভাবে যাচাই করা হয়।

কিসওয়া পরিবর্তনের রাতে প্রথমে পুরোনো আবরণ থেকে অলংকৃত অংশগুলো খুলে নেওয়া হয়। এরপর ধাপে ধাপে কাবা শরিফের চারদিকে নতুন কাপড় স্থাপন করা হয়। একই সময় সোনালি বেল্ট, দরজার পর্দা এবং অন্যান্য অলংকৃত অংশও সংযুক্ত করা হয়, যাতে পুরো কাঠামো নিখুঁতভাবে সম্পন্ন হয়।

বর্তমান হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে মঙ্গলবার ১ মুহাররম ১৪৪৮ শুরু হওয়ার কথা। সেই ধারাবাহিকতায় সোমবার রাতেই কিসওয়া পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং নতুন বছরের প্রথম প্রহরে কাবা শরিফ নতুন রূপে সজ্জিত থাকবে।

মুসলিম বিশ্বের কাছে এই আয়োজন শুধু একটি বার্ষিক আনুষ্ঠানিকতা নয়; এটি কাবা শরিফের প্রতি গভীর শ্রদ্ধা, ইসলামের ঐতিহ্য সংরক্ষণ এবং দুই পবিত্র মসজিদের সেবায় সৌদি আরবের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

সূত্র: সৌদি গেজেট

মতামত দিন