ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ সমাপ্তি নিয়ে নিরাপত্তা পরিষদের বিবৃতি।
ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত একটি সমঝোতা-পত্র চূড়ান্ত হয়েছে এবং এর আওতায় আজ রাত থেকেই সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ থাকবে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কয়েক মাস ধরে চলা জটিল ও নিবিড় আলোচনার পর জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তিতে ‘ইসলামাবাদ আলোচনা’ নামে পরিচিত যুদ্ধ সমাপ্তি-সংক্রান্ত সমঝোতার খসড়া ২৪ খোরদাদ সন্ধ্যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সমঝোতা অনুযায়ী লেবাননসহ সব সংঘাতপূর্ণ ফ্রন্টে যুদ্ধ ও সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে বন্ধ হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধও অবিলম্বে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, সমঝোতা-পত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর আগামী শুক্রবার, ২৯ খোরদাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি বিবেচনায় চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।
জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিবালয় তাদের বিবৃতিতে পাকিস্তান ও কাতার সরকারের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা জানিয়ে উভয় দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি
মতামত দিন