আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে মাইন আতঙ্ক কাটতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালী পুনরায় ব্যবহারের বিষয়ে সমঝোতা হলেও সেখানে বাণিজ্যিক নৌযান চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জলপথটি পুরোপুরি নিরাপদ ঘোষণা করার আগে বিস্তৃত মাইন অপসারণ কার্যক্রম শেষ করা জরুরি, যা সম্পন্ন হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রণালীজুড়ে সম্ভাব্য বিস্ফোরক ঝুঁকি দূর করতে বিশেষায়িত মাইনসুইপার জাহাজ ও আধুনিক আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, পুরো অভিযান শেষ করতে প্রায় ৪০ থেকে ৫০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানি, তেল পরিবহনকারী প্রতিষ্ঠান এবং বীমা সংস্থাগুলো এই রুট ব্যবহারে সতর্ক অবস্থান বজায় রাখছে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল সরবরাহে বিলম্ব এবং পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং সংগঠন বিমকোর প্রধান নিরাপত্তা কর্মকর্তা জ্যাকব লারসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করাকে নিরাপদ বলা যাচ্ছে না। তার ভাষ্য, মাইনের ঝুঁকি এখনই শুধু নয়, ভবিষ্যতেও বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে থাকতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নৌপরিবহন নির্বিঘ্ন রাখতে প্রথম কাজ হলো পুরো রুটকে নিশ্চিতভাবে মাইনমুক্ত ঘোষণা করা। অন্যথায় জাহাজ চলাচল পুনরায় শুরু হলেও ঝুঁকি থেকেই যাবে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। তাই এই রুট দীর্ঘ সময় পুরোপুরি সচল না হলে বৈশ্বিক তেলের বাজার, সরবরাহ শৃঙ্খল এবং পরিবহন খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

মতামত দিন