বিনোদন
ছবি: সংগৃহীত

শেষ ইনস্টাগ্রাম রিলের ১৮ ঘণ্টা পর মিলল অভিনেত্রী সঞ্চিতা উগালের নিথর দেহ।

নিজেস্ব প্রতিবেদক:

মাত্র একদিন আগেও সামাজিক মাধ্যমে হাসিমুখে নাচের ভিডিও শেয়ার করেছিলেন তরুণ অভিনেত্রী সঞ্চিতা উগালে। সেই পোস্টের ১৮ ঘণ্টা না পেরোতেই মুম্বাইয়ের নালাসোপাড়ার বাসা থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।

রোববার সন্ধ্যায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।

আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়েন ২২ বছর বয়সী এই অভিনেত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর বাবা মচ্ছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সঞ্চিতার আকস্মিক মৃত্যুতে সামাজিক মাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। শনিবার প্রকাশ করা তার শেষ রিল ভিডিওতে তাকে প্রাণবন্ত ও স্বাভাবিকভাবেই দেখা যায়। সেই ভিডিওর মন্তব্যের ঘর এখন ভরে উঠেছে শোকবার্তা ও নানা প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন, এমন কী ঘটেছিল যে অল্প সময়ের ব্যবধানে এই মর্মান্তিক পরিণতি ঘটল।

অল্প বয়সেই ছোট পর্দা, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন সঞ্চিতা উগালে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন এবং ‘ওয়াগলে কি দুনিয়া’য় রুচিতা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। পাশাপাশি ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশল অভিনীত চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট তারা রানির কনিষ্ঠ বয়সের ভূমিকায়ও তাকে দেখা যায়।

মতামত দিন