প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে আবারও গ্রেপ্তার।
চাকরির সুযোগ দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নতুন করে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৫ জুন) শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত অগ্রগতির অংশ হিসেবে ওয়ারী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে আফ্রিদির সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষ পুলিশের আবেদন সমর্থন করলেও আসামিপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি সংঘবদ্ধ অনলাইন চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে সামান্য অঙ্কের টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে প্রতিশ্রুত মুনাফাসহ অর্থ ফেরত না পেয়ে ভুক্তভোগী রাজধানীর ওয়ারী থানায় মামলা করেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছিল।
মতামত দিন