বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় ফরাসি নাগরিক ২ দিনের রিমান্ডে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় আটক ফরাসি নাগরিক ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলনকে (৪৪) দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোস্তাফিজুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ১৪ জুন সকালে দেশত্যাগের সময় বিমানবন্দরে ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তল্লাশির মাধ্যমে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়।
এরপর তাকে আটক করে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন