যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। এ ঘটনাকে স্বাগত জানিয়ে কূটনৈতিক পথেই সব ধরনের উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সংলাপ ও আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সর্বশেষ এই সমঝোতাকে সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখা সংশ্লিষ্ট পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ।
সরকার আশা প্রকাশ করেছে, সদ্য হওয়া এই সমঝোতা আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে এটি টেকসই শান্তির ভিত্তি গড়ে তুলবে।
বাংলাদেশের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, চুক্তির পরও যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলো যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়—এ জন্য সব পক্ষকে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন