বিনোদন
ছবি: সংগৃহীত

ব্যাংকক শুটিংয়ে শেষ ধাপে ‘সোলজার’, শাকিব খানের নতুন অ্যাকশন সিনেমা নিয়ে বাড়ছে আগ্রহ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শাকিব খান অভিনীত অ্যাকশন সিনেমা ‘সোলজার’ এখন শেষ পর্যায়ের কাজের অপেক্ষায়। নির্মাতা ও টিম চলতি মাসেই বাকি অংশের শুটিং শেষ করতে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হচ্ছেন।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোস্ট-প্রোডাকশনের আগে শেষ ধাপের শুটিং শেষ করাই এখন প্রধান লক্ষ্য। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সোলজার’। এতে শাকিব খানকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন অ্যাকশন লুকে।

এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ আরও অনেকে। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

গত বছর প্রকাশিত মোশন পোস্টারের মাধ্যমে সিনেমাটির গল্পের আভাস মিলেছিল, যেখানে দুর্নীতিবিরোধী লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকমহলে কৌতূহল বাড়তে থাকে।

শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। শুরুতে একই বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে যায়।

পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, এখন মূল ফোকাস সিনেমাটিকে পরিপূর্ণভাবে শেষ করা। তার ভাষ্য অনুযায়ী, শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা টিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত মুক্তির সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, বড় বাজেট ও বড় পরিসরের এই সিনেমা বছরের যেকোনো সময় মুক্তি পেতে পারে—শুধু উৎসবকেন্দ্রিক সময়েই সীমাবদ্ধ থাকার পরিকল্পনা নেই।

মতামত দিন