আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার ঘোষণা, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দাবি তেহরানের।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর দাবি করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় সোমবার রাত থেকেই বিভিন্ন ফ্রন্টে চলমান সামরিক অভিযান বন্ধ হয়ে যাবে এবং ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, সমঝোতার ফলে শুধু দ্বিপক্ষীয় উত্তেজনাই নয়, লেবাননসহ আঞ্চলিক বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলেও সামরিক কার্যক্রম বন্ধ হওয়ার পথ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি ব্যবস্থা থাকবে এবং কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে ইরান তার প্রতিক্রিয়া জানাবে।

ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য প্রকাশ করে জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির লক্ষ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।

আলোচনায় পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, কিছু অর্থনৈতিক ও কৌশলগত বিধিনিষেধ শিথিল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।

তবে এই সমঝোতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির নীতিনির্ধারকদের একাংশের মতে, বর্তমান কাঠামোতে ইরানের পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব সীমিত করার লক্ষ্য পুরোপুরি নিশ্চিত হয়নি।

মতামত দিন