১১ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে অনুদান দিলে মিলবে আয়কর রেয়াত।
সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে ব্যক্তি পর্যায়ের অংশগ্রহণ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্দিষ্ট কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দিলে এখন থেকে আয়কর রেয়াতের সুযোগ পাবেন করদাতারা।
সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সচিব মো. আবদুর রহমান খানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতারা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে অনুদান প্রদান করলে বিদ্যমান আয়কর আইনের আওতায় কর রেয়াত দাবি করতে পারবেন।
ঘোষণা অনুযায়ী, সুবিধাটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
নতুন তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শিশু ক্যান্সার, ক্যান্সার চিকিৎসা, থ্যালাসেমিয়া, অটিজম, ডায়াবেটিস, প্রতিবন্ধী শিশুদের কল্যাণ, ধর্মীয় ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ অ্যান্ড রামকৃষ্ণ মিশন (ঢাকা) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের লক্ষ্য শুধু কর সুবিধা দেওয়া নয়; বরং ব্যক্তি পর্যায়ে দান ও সামাজিক দায়িত্ববোধকে আরও উৎসাহিত করা। এর মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণমূলক খাতে বেসরকারি অংশগ্রহণও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন