বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ: দুদকের উপপরিচালক।
সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নথিপত্র প্রস্তুতের কাজ করছেন।
এর আগে লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাইয়ে ট্রানজিট অবস্থায় বেনজীর আহমেদকে আটক করা হয়। দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশ অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দেওয়ার আহ্বান জানায়। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি নথিপত্র ও আনুষ্ঠানিক আবেদন পাঠানো হলে প্রত্যর্পণ-সংক্রান্ত প্রক্রিয়া পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ জুন দুদকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে।
মতামত দিন