জাতীয়
ছবি: সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের প্যানেলে হাসনাত-সাদিক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং ছাত্রদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত এক বিশেষ প্যানেল আলোচনায় বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে তারা বাংলাদেশ থেকে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন।

আলোচনায় ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পটভূমি, দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন দুই বক্তা।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক রূপান্তরের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে আন্তর্জাতিক একাডেমিক পরিসরে তুলে ধরা এবং ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা।

মতামত দিন