আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট।
সরকারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে উচ্চ আদালতে আইনি লড়াই শুরু হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার (১৫ জুন) হাইকোর্টে একটি জনস্বার্থে রিট আবেদন দাখিল করা হয়েছে।
রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। আবেদনটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।
আবেদনে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিতের পাশাপাশি ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২’-এর কয়েকটি বিধানের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, ওই আইনকে ভিত্তি করেই হাসপাতালটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করে সরকার। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ১১ জুন লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে একই সঙ্গে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগও রাখা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অতিরিক্ত লোকসমাগম, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল থাকা, পর্যাপ্ত বায়ু চলাচলের বিকল্প ব্যবস্থা না থাকা এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার মতো একাধিক বিষয় নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় আইন অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

মতামত দিন