অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করলে মিলবে না প্রবেশের অনুমতি,গেলেই ফেরত পাঠানো হবে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া বা অন্য কোনো তৃতীয় দেশের মাধ্যমে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর হওয়ার পর এ ধরনের অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতার অবস্থান নিয়েছে দেশটি।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। সীমান্ত থেকেই তাদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে বাংলাদেশিদের দালাল ও মানবপাচারকারী চক্রের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। বার্তায় বলা হয়েছে, অর্থের বিনিময়ে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা শুধু ব্যক্তিগত ঝুঁকিই বাড়ায় না, বরং মানবপাচারের মতো অপরাধকেও উৎসাহিত করে।
দূতাবাসের ভাষ্য, ইতালিতে বৈধভাবে কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন এবং উচ্চশিক্ষার জন্য নিয়মিত ভিসার সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের জন্য বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মভিত্তিক ও অন্যান্য ক্যাটাগরির ভিসাও ইস্যু করা হয়েছে।
আগ্রহীদের উদ্দেশে ইতালি দূতাবাসের পরামর্শ, শুধুমাত্র অনুমোদিত ও আইনসম্মত প্রক্রিয়ায় আবেদন করে বিদেশ যাওয়ার উদ্যোগ নেওয়া উচিত। বৈধ পথে গেলে আইনি সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতারণা ও অনিশ্চয়তার ঝুঁকিও এড়ানো সম্ভব।
মতামত দিন