আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনা চলাকালেই কিয়েভে ভয়াবহ রুশ হামলা, নিহত অন্তত ৯।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতির কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

হামলার ফলে শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঐতিহাসিক কিয়েভ পেচেরস্ক লাভরা আশ্রমেও আগুন লাগে।

সোমবার (১৫ জুন) ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। পরে ক্রেমলিন জানায়, ওই আলোচনায় ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান-সংক্রান্ত বিষয়ও স্থান পেয়েছে।

অন্যদিকে হামলার আগে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করে। প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয় জানায়, ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণাগার এবং তুলা অঞ্চলের আজট রাসায়নিক কারখানাকে লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনীয় হামলার কিছু প্রভাব স্বীকার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, একটি শিল্পাঞ্চলের জ্বালানি স্থাপনা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কয়েকটি এলাকায় সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক পাল্টাপাল্টি হামলা ও কূটনৈতিক তৎপরতা একই সময়ে চলতে থাকায় সংঘাত নিরসনের সম্ভাবনা এখনো অনিশ্চিত রয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত দিন