জাতীয়
ছবি: সংগৃহীত

চার দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ।

নিজেস্ব প্রতিবেদক:

চার দিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তার মধ্যে থাকা ১২ নারী, পুরুষ ও শিশুকে শেষ পর্যন্ত নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে এস-৩ এলাকার ১৪৮ নম্বর সীমান্ত পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের কিছুক্ষণ পরই শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে বিএসএফ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার ভোরে। সে সময় চার নারী, চার পুরুষ ও চার শিশুকে চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির উপস্থিতিতে তাদের সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়।

এরপর থেকে খোলা আকাশের নিচে সীমান্তেই দিন কাটাতে থাকে ওই ১২ জন। এ নিয়ে শনিবার অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের গ্রহণে অস্বীকৃতি জানানোয় পরিস্থিতির কোনো সমাধান হয়নি।

অবশেষে সোমবার নতুন করে দুই পক্ষের আলোচনার পর অচলাবস্থার অবসান ঘটে। দীর্ঘ চার দিন শূন্যরেখায় মানবেতর অবস্থায় থাকার পর ওই ১২ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ফিরিয়ে নেয়।

মতামত দিন