ভারতীয় ভিসা পেতে বদল এলো অ্যাপয়েন্টমেন্ট নিয়মে, প্রকাশ হলো নতুন নির্দেশনা।
ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন সময়সূচি ও কড়াকড়ি চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আবেদনকারীদের সাইন-আপ সম্পন্ন করে ওয়েবফাইল আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যাদের আপলোড সফল হবে, কেবল তারাই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।
নতুন নির্দেশনায় ওয়েবফাইলের গ্রহণযোগ্যতা নিয়েও স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। ভিসা আবেদনপত্রের মূল পিডিএফ ফাইল ছাড়া অন্য কোনো ফাইল গ্রহণ করা হবে না। এছাড়া আপলোড করা নথি ৩০ দিনের বেশি পুরোনো হলে সেটিও বাতিল হিসেবে বিবেচিত হবে। সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত কোনো ফাইল জমা দিলেও আবেদন গ্রহণ করা হবে না।
মেডিকেল ভিসাধারীদের জন্যও বিশেষ সতর্কতা জারি করেছে সংস্থাটি। নির্দেশনা অনুযায়ী, ভিসায় যে হাসপাতালের নাম উল্লেখ থাকবে, চিকিৎসা নিতে হবে সেখানেই। পরবর্তীতে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পূর্বানুমতি বাধ্যতামূলক।
আইভ্যাক আরও সতর্ক করেছে, এফআরআরওর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা শর্তের গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে ভবিষ্যতে ভারতে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
মতামত দিন