১২ জেলায় সন্ধ্যার আগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত।
সন্ধ্যার আগেই দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের প্রভাবে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতার আওতায় থাকা জেলাগুলো হলো—ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। নৌযান চলাচলের সঙ্গে সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন