অর্থনীতি
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত সোনা বিক্রি করলেই গুনতে হবে কর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ব্যক্তিমালিকানাধীন স্বর্ণের অলংকারের করনীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নীতিতে ব্যক্তিগত ব্যবহারের সোনাকেও মূলধনি সম্পদের আওতায় ধরা হবে।

ফলে ভবিষ্যতে কেউ স্বর্ণ বিক্রি করে লাভ করলে সেই মুনাফার ওপর ১৫ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে।

রোববার রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত অর্থ বিলবিষয়ক এক সেমিনারে এনবিআরের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

আলোচনার সময় কর পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া ব্যক্তিগত অলংকারকে মূলধনি সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে আয়কর নীতি বিভাগের প্রথম সচিব জাফর ইমাম বলেন, আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপের অনেক জায়গায় স্বর্ণ ও স্বর্ণালংকারকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে বিবেচনা করা হয়।

তিনি আরও বলেন, অনেক করদাতা আয়কর রিটার্নে স্বর্ণের তথ্য উল্লেখ করলেও এর আর্থিক মূল্য দেখান না। এতে প্রকৃত সম্পদের হিসাব আড়াল করার সুযোগ তৈরি হয়, যা কর প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

সেমিনারে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্পষ্ট করে জানান, চলতি বাজেটে কালোটাকা বৈধ করার কোনো সুযোগ রাখা হয়নি। আবাসন খাত থেকে এ ধরনের প্রস্তাব এলেও সরকার শুরু থেকেই এমন সুবিধা না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

রাজস্ব আদায়ের কৌশল নিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে গতি আনতে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে স্বাভাবিকভাবেই রাজস্ব আয়ও বাড়বে। একই সঙ্গে তথ্যভিত্তিক নিরীক্ষা ও কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

সঞ্চয়পত্র নিয়েও স্বস্তির বার্তা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এ খাতে নতুন করে কর বাড়ানো হয়নি। বরং অনেক ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত কাটা অগ্রিম কর ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ করতে অনলাইনভিত্তিক তাৎক্ষণিক ভ্যাট নিবন্ধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি মাসে মাসে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ চালুর পরিকল্পনাও রয়েছে।

মতামত দিন