কবে প্রকাশ হবে এসএসসির ফলাফল, জানালেন শিক্ষামন্ত্রী।
এসএসসি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এবারের পরীক্ষা প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরিবেশে শেষ হয়েছে এবং আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তার ভাষায়, ‘এসএসসি পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি, নকলের ঘটনাও ঘটেনি। আমরা দুই মাসের মধ্যেই, অর্থাৎ ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই।’
শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জানান, এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মধ্যকার সময়ের ব্যবধান ধীরে ধীরে সমন্বয় করা হবে, যাতে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় অপেক্ষায় থাকতে না হয়।
ড. মিলন বলেন, ২০২৮ সালের মধ্যে এমন একটি কাঠামো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে, যেখানে এসএসসি শেষ করেই দ্রুত কলেজে ভর্তি এবং উচ্চমাধ্যমিক শেষ করে বিলম্ব ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে।
কারিগরি শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশে ইতোমধ্যে পাঁচটি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজও আগামী এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ আরও বিস্তৃত হয়।

মতামত দিন