ইরানের চার বড় ব্যাংকে সাইবার হামলা।
ইরানের ব্যাংকিং খাতে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। একযোগে চারটি প্রধান ব্যাংকের ব্যবহৃত অভিন্ন যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলার কারণে সাময়িকভাবে আর্থিক সেবায় বিঘ্ন সৃষ্টি হলেও গ্রাহকদের তথ্য ফাঁস বা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রয়টার্সের বরাতে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরানের যৌথ যোগাযোগ ব্যবস্থা।
পরিষদের ভাষ্য, প্রযুক্তিগত অস্বাভাবিকতা ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট নিরাপত্তা টিম সক্রিয় হয় এবং গ্রাহকের তথ্য ও ব্যাংকিং নেটওয়ার্ক সুরক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় কোনো অননুমোদিত ব্যক্তি গ্রাহকের তথ্যে প্রবেশ করতে পারেনি এবং তথ্য চুরিরও কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সেবাগুলো ধাপে ধাপে পুনরুদ্ধারের কাজ চলছে। যত দ্রুত সম্ভব ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

মতামত দিন