জাতীয়
ছবি: সংগৃহীত

বরিশালে ক্লিনিকের এসি খুলতেই মিলল চার ফুটের কালনাগিনী।

নিজেস্ব প্রতিবেদক:

এসি খুলে অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় যন্ত্রের ভেতরে নড়াচড়া দেখে চমকে ওঠেন কর্মীরা।

কাছে গিয়ে দেখা যায়, এসির ভেতরে আশ্রয় নিয়েছে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসেস নামের একটি বেসরকারি ক্লিনিকে।

রোববার (১৪ জুন) বিকেলে দীর্ঘ উদ্ধার অভিযানের পর সাপটি নিরাপদে বের করে আনেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম আবুল হাসান জানান, এসি খুলতে গিয়ে কর্মীরা ভেতরে দুটি সাপ দেখতে পেয়েছেন বলে দাবি করেন। এতে পুরো ক্লিনিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে তাদের মাধ্যমে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় দুই ঘণ্টার অনুসন্ধানের পর এসির ভেতর থেকে একটি কালনাগিনী উদ্ধার করা সম্ভব হয়।

মুসা জানান, ক্লিনিকের পেছনে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপটি এসির পাইপ বা দেয়ালের ফাঁক গলে ভেতরে ঢুকে থাকতে পারে। যদিও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দুটি সাপ দেখার কথা বলেছেন, উদ্ধার করা গেছে মাত্র একটি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সাপটি পূর্ণবয়স্ক হলেও এটি মানুষের জন্য প্রাণঘাতী নয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকেও চারটি কালনাগিনী উদ্ধার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বারবার সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল—দুটোই বেড়েছে।

মতামত দিন