ঝিনাইদহে আগুনে পুড়ল তুলার কারখানা, মুহূর্তেই ছাই ৩০ টন মজুত তুলা।
দুপুরের স্বাভাবিক কর্মব্যস্ততা কয়েক মিনিটেই পরিণত হয় আতঙ্কে। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি তুলার জাজিম কারখানায় ভয়াবহ আগুন লেগে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে।
রোববার (১৪ জুন) দুধসারা হটাতপাড়া এলাকায় মহাসড়কের পাশের কারখানাটিতে এ ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন ছুটে এলেও দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
কারখানার মালিক শাকিল আহমেদ জানান, কয়েকজন শ্রমিককে নিয়ে নিয়মিত কাজ চলছিল। হঠাৎ একটি মোটরের পাশ থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
তার দাবি, প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ লাখ টাকার মতো। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। এখন নতুন করে কীভাবে শুরু করবেন, সেটিই সবচেয়ে বড় দুশ্চিন্তা।
খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানায় সংরক্ষিত তুলা আর রক্ষা করা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার কুতুব উদ্দিন বলেন, প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
মতামত দিন