জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে ২০টি বিশেষায়িত হাসপাতাল, ২টি থাকবে নারীদের জন্য: স্বাস্থ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একযোগে ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যেখানে বাকি ৯টি জেলার হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে তিনি জানান, সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ২০টি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি হাসপাতাল হবে নারীদের জন্য বিশেষায়িত, প্রতিটি দেড় হাজার শয্যার। বাকি ১৮টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার আধুনিক সুবিধাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র।

মন্ত্রী আরও বলেন, এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, মাতৃসেবা, পঙ্গুত্ব পুনর্বাসনসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সুবিধা থাকবে।

রোগী পরিবহনে আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য চারটি হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এছাড়া গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাদের মধ্যে ৮০ হাজার নারী কর্মী থাকবেন, যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা ও রান্নাঘরের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের সতর্ক করে তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ স্বাস্থ্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন