অপরাধ
ছবি: সংগৃহীত

বেনজীরকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে: দুদক।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের আটকের পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দাবি, তার বিরুদ্ধে চলমান একাধিক মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (১৪ জুন) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে পাসপোর্ট জালিয়াতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুটি মামলার ভিত্তিতেই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল।

দুদকের দাবি, সেই রেড নোটিশ কার্যকরের ধারাবাহিকতায় দুবাইয়ে তাকে আটক করা হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

আকতারুল ইসলাম আরও জানান, প্রত্যার্পণ-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

মতামত দিন