সিরাজগঞ্জের দুই মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে করা সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন দিয়েছেন আদালত। রোববার (১৪ জুন) শুনানি শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন মুফতি আমির হামজা। এরপর দুটি মামলায় নিয়মিত জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
দুপুর আড়াইটার দিকে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছান। এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের করা হয়। একটি করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্নেল এবং অন্যটি করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।
পরবর্তীতে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আদালত তাকে উদ্দেশ্য করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন।
মতামত দিন