ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর, দেশে ফেরানোর উদ্যোগ।
দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টারপোলের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
জানা গেছে, গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তার আটকের বিষয়টি অবহিত করা হয়। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।
এদিকে, তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রত্যার্পণের প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিষয়টি নিয়ে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ সম্পন্ন করা হবে।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তিনি বিদেশে অবস্থান করায় ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। এরপর দীর্ঘ সময় তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
২০২০ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেই পদে বহাল ছিলেন।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার তালিকায় বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল।
মতামত দিন