ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন অভিযুক্ত আটক।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) রাতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত প্রেমিকসহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন — মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে অভিযুক্ত তামিম ইসলামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। শনিবার বিকেলে বেড়ানোর কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যায় তামিম।
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে একটি গোডাউনে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তামিম এবং তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
রাত ৩টার দিকে পুলিশের একটি টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে তিনজনকে আটক করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা ভুক্তভোগীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান।

মতামত দিন