রাজনীতি
ছবি: সংগৃহীত

মানহানি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করছেন মুফতি আমির হামজা।

নিজেস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ রোববার সিরাজগঞ্জ আদালতে হাজির হবেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা আগেই হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে রেখেছেন।

আজ দুপুরে আদালতে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামিন আবেদন করবেন। বিষয়টিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও নিশ্চিত করেন যে, সংসদ সদস্য আমির হামজা দুপুরে আদালতে আত্মসমর্পণ করবেন।

উল্লেখ্য, বিদ্যুৎমন্ত্রীকে 'নাস্তিক' ও 'ইসলামবিদ্বেষী' বলে আখ্যা দেওয়ার অভিযোগে গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। সেদিনই আদালত তাকে ২১ এপ্রিল হাজির হতে সমন দেন।

নির্ধারিত দিনে আদালতে না আসায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপরও হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এখন আত্মসমর্পণ ও জামিন আবেদনের বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেন, সেদিকেই সবার দৃষ্টি।

মতামত দিন