স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এজন্য এবারের বাজেটে মোট জিডিপির এক ভাগ হিসেবে প্রায় ৬৯ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলায় আইসিইউ সেবার উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, দেশজুড়ে মোট ১ লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে, এর মধ্যে ৮০ হাজারই হবেন নারী। তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী মায়েদের বাড়িতে গিয়ে সেবা দেবেন।
তিনি জানান, আগের সরকারের আমলে হামের টিকা কার্যক্রম ঠিকমতো চলেনি এবং সময়মতো টিকাও আনা হয়নি। ক্ষমতায় আসার পর বর্তমান সরকার ইউনিসেফের সাহায্যে টিকা এনে প্রথমে ১৮ জেলায় হাম প্রতিরোধ কার্যক্রম শুরু করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়।
চিকিৎসক ও সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগের মতো সেবা দিলে আর চলবে না। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তাই আমাদেরও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু বাড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য নারায়ণগঞ্জসহ ১০টি জেলায় আইসিইউ সেবা চালু করা হয়েছে। বেসরকারি খাতের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া জরুরি সেবা আরও শক্তিশালী করতে চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। উপজেলা পর্যায়ের গুরুতর রোগীদের দ্রুত জেলা বা উন্নত হাসপাতালে পাঠাতে এগুলো ব্যবহার হবে। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ পুরো পরিবেশ নোংরা দেখে জেলা সিভিল সার্জনের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিন দিনের মধ্যে সব পরিষ্কার করে জানাতে বলেন, না হলে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
মতামত দিন