অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, শিশু আহত।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে চেনামতি বড়ুয়া পাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে একজন গৃহিণী ও তার কিশোরী কন্যার প্রাণ গেছে।

পাঁচ বছর বয়সী আরেক শিশু গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে।

ঘটনার রাতে পরিবারের কর্তা সুজন বড়ুয়া বাড়িতে ছিলেন না, শহরে নিরাপত্তারক্ষীর কাজে ছিলেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গেলে দেখেন, ছোট ছেলেকে বুকে আঁকড়ে ধরে রক্তাক্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসছেন মা। ঘরের ভেতর তখন পড়ে ছিল ষোলো বছরের মেয়ের নিথর দেহ। মা ও শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাকেও মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, সুজনের চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে অর্থ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। মৃত্যুর আগে তেজপ্রিয়র নাম উচ্চারণ করেছিলেন বলেও স্বজনরা জানিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন