জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষকদের বকেয়া অবসর সুবিধা পরিশোধে উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষক এখনো অবসর সুবিধার অর্থ পাননি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই দীর্ঘদিনের বকেয়া পরিশোধে সরকার উদ্যোগ নিয়েছে এবং আগামী জুলাই থেকে প্রত্যেককে কমপক্ষে এক লাখ টাকা করে দেওয়া শুরু হবে।

গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মন্ত্রী জানান, থোক বরাদ্দ পাওয়া গেছে এবং সেই অর্থ দিয়েই পর্যায়ক্রমে সব বকেয়া মেটানো হবে। উৎসব ভাতার বিষয়েও সুখবর দেন তিনি। বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া এই ভাতা শতভাগে নিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে, যা বাজেট অনুমোদনের পর ধাপে ধাপে কার্যকর করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ঘাটতির বিষয়ে মন্ত্রী বলেন, সাড়ে ৩২ হাজার পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও আদালতের স্থগিতাদেশে তা থমকে আছে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন প্রায় সাড়ে ৮৩ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে চলছে। মামলাজট কমলে শিক্ষা খাতে নিয়োগ ও উন্নয়নকাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন