নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে তেল আবিবে আবারও রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। শনিবার হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে প্রায় পাঁচশ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার আইনসম্মত নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে আগ্রহী নয়। গাজায় নিহত জিম্মির পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, প্রধান বিচারপতির নিয়োগ করা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশনই একমাত্র নিরপেক্ষ তদন্তের পথ। সরকার যে কমিটির প্রস্তাব দিয়েছে, তাতে রাজনৈতিক প্রভাবের সুযোগ রয়েছে। বিরোধী দল অংশ না নিলে পুরো তদন্ত সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বলে আশঙ্কা তার।
নোভা সঙ্গীত উৎসবে নিহত এক তরুণীর বাবা এরান লিটম্যান বলেন, ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনাই এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। তিনি দাবি করেন, ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার নীতি সাধারণ নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক এবং ধর্মীয় অধ্যয়ন কোনোভাবেই নিরাপত্তার বিকল্প হতে পারে না।
সমাবেশ চলাকালে সরকারপন্থি এক কর্মী ভিডিও ধারণ করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ এসে দুই পক্ষকে আলাদা করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।

মতামত দিন