রাজনীতি
ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা আব্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়া-র একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে অডিও বার্তায় তিনি নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, এখনও চিকিৎসা ও থেরাপির মধ্যে আছেন, তবে আগের তুলনায় শারীরিক অবস্থা অনেকটাই ভালো। দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হলেই দেশে ফিরবেন। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে খাওয়া-দাওয়াতেও তেমন সমস্যা হচ্ছে না।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাস-ও পাশে ছিলেন। তিনি জানান, মির্জা আব্বাসের নিয়মিত থেরাপি চলছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি হাসপাতালে অবস্থান করছেন।

গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ ভর্তি করা হয়। এর আগে মার্চে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি হন তিনি। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ নেওয়া হয়।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শেই পরবর্তী পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

মতামত দিন