রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি: সিইসি।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-এর সমালোচনা বা কটূক্তিতে নির্বাচন কমিশন নতুন কিছু দেখছে না। তার ভাষায়, নাসীরুদ্দীন প্রায়ই কমিশনের সঙ্গে বৈঠক করতেন, কিন্তু বৈঠক শেষে বাইরে বের হয়েই সমালোচনায় মুখর হতেন।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এটা আমাদের কাছে নতুন নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি

সিইসি বলেন, নাসীরুদ্দীনের বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবে আহত নন। বরং সমালোচনাকেও গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, শুধু প্রশংসা শুনলে প্রকৃত মূল্যায়ন হয় না। কেউ নিজের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতেই পারেন এবং সেই সুযোগ নিশ্চিত করাই গণতন্ত্রের সৌন্দর্য।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের উপস্থিতিতেই মন্তব্য করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ হলে বর্তমান কমিশনের বিচার হবে। তার এই বক্তব্যের প্রতিক্রিয়াতেই সিইসি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, একটি নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়েছে, তার বিচার শেষ পর্যন্ত জনগণই করবে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গিতে কোনো ঘাটতি নেই, যদিও বাস্তবতায় সীমাবদ্ধতা থাকতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তার মতে, রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন না দিলেও বাস্তবে দলীয় প্রভাব থেকেই যাচ্ছে, যা নির্বাচন কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু কমিশনের একার পক্ষে সম্ভব নয়; রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। ভোটার তালিকায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে সিইসি বলেন, দেশে বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান কার্যকরভাবে কাজ করতে পারেনি। তবু নির্বাচন কমিশনের ওপর নিরপেক্ষ ভোট আয়োজনের প্রত্যাশা ছিল ব্যাপক। তিনি দাবি করেন, জনগণকে ভোটমুখী করতে তারা বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন।

শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণ করবে, আর সর্বশেষ বিচার আল্লাহর কাছেই।

মতামত দিন